ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১০:৫৫
সাতক্ষীরা সদর উপজেলার লাবসায় ট্রাকের ধাক্কায় ইউসুফ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ হোসেন ওই একই এলাকার আব্দুস সালামের ছেলে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লাবসা এলাকা থেকে মোটরসাইকেলে দুই সঙ্গীকে নিয়ে সাতক্ষীরা শহরে যাচ্ছিলেন ইউসুফ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে আহত হন তার দুই সঙ্গী। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।