চট্টগ্রামের বাকলিয়ায় তিন তলা একটি বাড়ির দোতলার কার্নিশ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মো. আজাদ নামে ১৮ বছর বয়সী ওই তরুণ চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে যায় বলে পুলিশ জানায়। এছাড়া সে মাদকসেবী বলে পুলিশ উল্লেখ করেছে।
তবে নিহতের গলায় ‘ছুরির আঘাতের মতো’ ক্ষতচিহ্ন পাওয়া গেলে বলে জানিয়েছে মেডিকেল ফাঁসি পুলিশ।
আজাদের বাবার নাম মো. শামসুল হক, তাদের বাসা বাকলিয়ার মিয়া খান নগরে।
বাকলিয়া থানার ওসি বলেন, রাত সাড়ে ৩টার দিকে মিয়া খান নগর বেলে খাঁ’র বাড়ির দোলায় কার্নিশে উঠলে পা পিছলে নিচে টিনশেড একটি মুদি দোকানের ওপর পড়ে যায় আজাদ। চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আজাদের পাশেই একটি লম্বা লঠি এবং তার মাথায় চিমটা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, জানালা দিয়ে চুরি করতেই সে ওই বাড়ির কার্নিশে উঠেছিল। অন্যদিকে স্থানীয়রাও আমাদের বলেছে, ছেলেটা হেরোইন নিত। এর আগেও সে চুরি করতে গিয়ে ধরা পড়ে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, আজাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। এর মধ্যে গলার একটি ক্ষত ছুরিকাঘাতের মত।
ময়নাতদন্তের পর আজাদের মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
