ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশে ছেড়ে আসা তাজমহল পরিবহনের বাসটি মশাউজান নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় শিবচর উপজেলার তাহেরকান্দি গ্রামের শুকুর শেখের ছেলে জিয়া শেখ (৩৫) ও অজ্ঞাত যুবক (৩০) বাস যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ দুর্ঘটনা এলাকা পরিদর্শন করেছেন।
