ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ২২:০৪

 

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে এলাকায় ট্রাক চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। এর জের ধরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে শ্রমিকরা।

 

শিল্পাঞ্চলের জামগড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার ৭ টার দিকে মহাসড়ক অবরোধ করে তারা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

 

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে জামগড়া এলাকার ডিজাইনার জিন্স লিমিটেডের অনিতা হালদার (২০) নামের এক নারী শ্রমিককে চাপা দেয় দ্রুত গতির একটি ট্রাক। আহত অবস্থায় তাকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।   এই ঘটনার প্রতিবাদে স্থানীয় পোশাক শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কের অন্তত ১০ গাড়ি ভাংচুর করে। পরে তারা মহাসড়ক অবরোধ করে।

 

রাত ৮টার দিকে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের হামলা ও পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন কাদির জানান, কারখানা ছুটির পর বাড়ি ফেরার পথে ওই শ্রমিককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় একটি ট্রাক। এ দৃশ্য দেখে আশপাশের  কারখানার শ্রমিকরা মহাসড়কে গাড়ি ভাংচুর করে। পরে তারা মহাসড়ক অবরোধ করে।