অন্তর হত্যা : খুনি সবুজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১১:৫৯
শিশু অন্তর হত্যার খুনি সবুজকে ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গ্রামবাসী। শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় (মেহেরপুর-কুষ্টিয়া) গাংনী উপজেলার বাওট বাজারে এ মানববন্ধন করা হয়।
 
মানববন্ধনে গ্রামের কয়েক হাজার শিশু-কিশোর ও নারী-পুরুষ অংশ নেয়। রাস্তার দুই পাশে ও সড়ক অবরোধ করে প্রায় অাধা ঘণ্টা ব্যাপি মানববন্ধন করেন তারা।
 
আওয়ামী লীগ নেতা সাহাবুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিশুর বাবা কাফিরুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, সামসুল আমিন, নিয়ামত আলী প্রমুখ। 
 
বক্তরা শিশু অন্তর হত্যার প্রধান আসামি সবুজকে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে আটক করার জন্য পুলিশের কাছে আহবান জানান। ৩৬ ঘণ্টার মধ্যে আটক করা না হলে কঠোর আন্দোলন করার হুমকি দেন তারা।
 
এদিকে গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, সন্ত্রাসী সবুজের নামে চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য আইনে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গাংনী থানায় ৫ টি মামলা রয়েছে।