দিনাজপুরে ডাকাতির পর গণপিটুনি, নিহত ১

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৩:০৪
দিনাজপুরে পেট্রোল পাম্পে সশস্ত্র ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ১ ডাকাত নিহত ও ২ ডাকাত আহত হয়েছেন। ডাকাতের ককটেল  বিস্ফোরণে ৩ এলাকাবাসী আহত হয়েছেন। সদর উপজেলার রামডুবির তৃপ্তি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একদল ডাকাত হামলা চালায়। 
 
জানা যায়, ডাকাতদল প্রথমে ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে অর্থ লুটের চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয়। এসময় ডাকাতদের ছোড়া ককটেলে ৩ এলাকাবাসী জিয়াউর রহমান (৪২), রাজু আহমেদ (২৭) ও আনিসুর রহমান (২৮) আহত হন। এলাকাবাসী ডাকাতদের ঘেরাও করে গণপিটুনি দেয়। 
 
ডাকাত দলের সদস্য সাব্বির হোসেন (৩৫) গুরুতর আহত হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাব্বির ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভেলজানগ্রামের। 
 
গণপিটুনিতে গুরুতর আহত ২ ডাকাত হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেন (৩৫) ও অজ্ঞাতনামা (৪০)। 
 
এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।