খুলনার রূপসা উপজেলার গাজী মেমোরিয়াল স্কুলের খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
শুক্রবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজী মেমোরিয়াল স্কুলের প্রাক্তন ছাত্র জিহাদ আরিফ।
এতে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, যুব ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সাবেক ছাত্রনেতা মুর্শিকুল ইসলাম শিমুল, জসী শিকদার, যুবনেতা পুষ্পেন রায়, খুলনা বিভাগীয় নাগরিক উন্নয়ন ফোরামের ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম আমিনুর রহমান, স্কুলের প্রাক্তন ছাত্র হামিদ বাচ্চু, ইমামুল মুরসালিন, মনিরুল ইসলাম, জোবায়ের হোসেন রাজু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে স্কুলের খেলার মাঠটি দখলমুক্ত করে শিক্ষার্থীদের খেলার পরিবেশ তৈরি করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, গাজী মেমোরিয়াল স্কুল থেকে প্রতিবছর বেরিয়ে আসছে অসংখ্য মেধাবী শিক্ষার্থী। অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার বিকাশ রোধ করার জন্য একটি কুচক্রী মহল খেলার মাঠটি দখল করে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। স্বাধীনতার পর পুরো দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন খুলনা শুধু পিছনের দিকেই যাচ্ছে। তারই একটি প্রতিচিত্র আজকের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল।
