রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে আজ শুক্রবার। নিহত ব্যক্তির নাম সাহাব উদ্দিন(২২)। সে রামগড় পৌরসভার চৌধুরিপাড়ার আব্দুল মান্নানের পুত্র। পেশায় ট্রাক্টর চালক।
পুলিশ জানায়, রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব চৌধুরিপাড়ার বৈদ্য টিলা এলাকায় পাহাড় কেটে ট্রাক্টরে লোড করার সময় মাটির একটি বড় চাক চালক সাহাব উদ্দিনের গায়ের উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার জরুরি চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম নেয়ার পথে মানিকছড়ি এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহি অফিসার মো. ইকবাল হোসেন, রামগড় সার্কেলের এএসপি হুমায়ুন রশিদ, থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে এসআই রুবেল আফ্রাদ জানান।
