পার্ক স্ট্রিট গণধর্ষণের ঘটনায় তিন জনের ১০ বছরের দণ্ড

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৯:২০
 
ভারতের কলকাতায় বহুল আলোচিত পার্ক স্ট্রিট গণধর্ষণের ঘটনায় তিন জনকে ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে। জরিমানার টাকা নির্যাতিতার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।  
 
২০১২ সালের ৫ ফেব্রুয়ারি কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় একটি নাইট ক্লাব থেকে বের হওয়ার পর ৩৫ বছরের এক নারীকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয়। পর দিন ভোরে তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় দোষীরা।
 
বুধবার কলকাতার নগর দায়রা আদালত সুমিত বাজাজ, রূমন খান ও নাসির খানকে দোষী সাব্যস্ত করে। তিন জন গ্রেপ্তার হলেও এখনও মূল অভিযুক্ত কাদের খান ও মুহম্মদ আলি পলাতক রয়েছেন।
 
মেনিঞ্জো-এনসেফেলাইটিস রোগে ভুগে এবছর ১৩ মার্চ হাসপাতালে মারা যান ধর্ষণের শিকার ওই নারী। সূত্র: বিবিসি