জাপানি নাগরিক হত্যায় আরেক জেএমবি কমান্ডার গ্রেফতার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২২:৫৬
 
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানার সহযোগী খয়বর হোসেনেকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার ভোরে খয়বরকে রংপুরের পীরগাছার পশুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
 
পীরগাছার পশ্চিম সুন্দর খুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খয়বর হোসেন জেএমবির পীরগাছা ইউনিটের কমান্ডার বলে জানিয়েছেন কুনিও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম।
 
তিনি বলেন, জেএমবির পীরগাছা ও কাউনিয়া অঞ্চলের কমান্ডার মাসুদ রানাকে (৩৪) পীরগাছার পশুয়া টাঙ্গাইলপাড়ায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতে জবানবন্দিতে মাসুদ রানা জাপানি নাগরিক ও মাজারের খাদেম রহমত আলীকে হত্যা এবং বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে হত্যার চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্য অনুযায়ী জেএমবির পীরগাছা ইউনিট কমান্ডার খয়বর হোসেনকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে আমরা বিষয়টি প্রকাশ করিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যাকাণ্ডে তার জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ায় বিকেলে বিষয়টি সাংবাদিকদের জানাই।
 
কোনিও ও খাদেম হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন খয়বর উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বাড়িতে ফিরে আসার খবর পেয়ে পীরগাছা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। খয়বরকে দুটি মামলায় আসামি দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড চেয়ে রবিবার আদালতে আবেদন করা হতে পারে।