চৌদ্দগ্রামে দু’মেয়র প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২৩:৫০

জেলার চৌদ্দগ্রামে দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমান ও দলের বিদ্রোহী মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী এনামের কর্মী-সমর্থকদের মাঝে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

 
পুলিশ ও স্থানীয়রা জানান, মনোনয়নপত্র দাখিলের পর থেকে ওই দুই প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল উভয় মেয়র প্রার্থীর সমর্থকরা উপজেলা সদরে দফায় দফায় মিছিল বের করে। সন্ধ্যায় একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকরা উপজেলা সদরে মিছিল  নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কামাল হোসেন ও অটোচালক হেলালসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 

ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, উভয় মেয়র প্রার্থীর সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।  জেলা পুলিশ সুপার মো. শাহ্ আবিদ হোসেন জানান, চৌদ্দগ্রাম উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।