বাংলাদেশ আদিবাসী ফোরামের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন-“ আমরা মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই, কারো করুনা ভিক্ষা করে নয়। আমাদের অধিকার বাস্তবায়নে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। দেশের স্বাধীনতা ৪৩ বছর অতিক্রম করেছে। এরমধ্যে অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি। কিন্তু তার কাঙ্ক্ষিখত বাস্তবায়ন আজও হয়নি। আমরা প্রাপ্য মর্যাদা চাই।”
গতকাল শুক্রবার বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আদিবাসী গণসমাবেশে সন্তু লারমা এসব কথা বলেন। তিনি আন্দোলন সংগ্রামের জন্য আদিবাসী ফোরামের সকল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল কুমার মাহাতোর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় আদিবাসী ফোরামের সদস্য ডা: গজেন্দ্র নাথ মাহাতো, বিশেষ আতিথি ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, স্বাধীনতা চিকিৎসক ফোরাম সভাপতি ডা: আব্দুল আজিজ, কেন্দ্রীয় আদিবাসী নেতা এন্ড্রু সোলমার, কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড ইসমাইল হোসেন, সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ছানা, জেলা যুব লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম শিহাব প্রমুখ।
সমাবেশে এলাকার বিপুল সংখ্যক আদিবাসী নারী-পূরুষ উপস্থিত ছিলেন।
