ঘন কুঁয়াশার কারণে শিমুলিয়া- কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার দিবাগত মধ্যরাত থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।
কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে ।
বি আইডাব্লিউটিসির সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, রাত ১ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুঁয়াশার তীব্রতা বেশি হওয়ায় শিমুলিয়া নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখতে না পাওয়ায় চালকেরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হন।
