চট্টগ্রামের সাতকানিয়ায় সরওয়ার উদ্দিন নামে জামায়াত ইসলামীর এক ক্যাডারকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে তাকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে আটক করা হয়।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিউদ্দিন খন্দকার বলেন, সরওয়ার ওরফে সরু জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ক্যাডার। তার বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, গুলি-কিরিচসহ সরুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
গত বৃহস্পতিবার সাতকানিয়ায় চরতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হাসেমকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এসময় জামায়াত-শিবিরের কর্মীদের পুলিশের তিন কর্মকর্তাসহ ছয় সদস্য আহত হন।
ওসি জানান, শুক্রবার রাতভর জামায়াত-শিবিরের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে সরুকে আটক করা হয়েছে। অন্যদের ধরা যায়নি।
