চাটমোহর পৌর নির্বাচনী প্রচার-প্রচারণা জমতে শুরু করেছে। গত বুধবার আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। দুই প্রধান দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের ব্যাপক তৎপরতা এবার প্রচার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
মেয়র পদে আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, বিদ্রোহী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, বিএনপির অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বিদ্রোহী প্রফেসর আ. মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের মধ্যে এ নিয়ে চলছে সরব আলোচনা। কেউ বলছেন, দলের প্রার্থীকেই তারা ভোট দেবেন। আবার কেউ বলছেন, দল নয়, আমরা ভোট দেবো ব্যক্তি দেখে। কেউ কেউ আবার বলছেন, ভোট যুদ্ধ হবে দুই বিদ্রোহীর মধ্যে। আবার অনেকের মন্তব্য শেষ পর্যন্ত সবাই দলে ভিড়বে। নানা সমীকরণে এগিয়ে চলেছে চাটমোহর পৌর সভার নির্বাচনী প্রচারণা।
আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো বলেছেন, তিনি দলীয় প্রার্থী। দলের সবাই তার সাথে আছে। পৌরবাসী একটিবার তাকে সেবা করার সুযোগ দিবেন। অধ্যক্ষ আ. রহিম কালু বলেছেন, দলের সিদ্ধান্তে প্রার্থী হয়েছি। পৌরবাসী তাকেই নির্বাচিত করবেন বলে বিশ্বাস।
মির্জা রেজাউল করিম দুলাল বলেন, আমি জনগণের মাঝে ছিলাম এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকতে চাই বলেই নির্বাচনে প্রার্থী হয়েছি।
প্রফেসর আ. মান্নান বলেন, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর গণসংযোগে নেমে বেশ সাড়া পাচ্ছি। পৌরবাসী আমার সাথেই রয়েছেন। এদিকে পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শীত-কুয়াশা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন। ভোটাররা এখন কোন সিদ্ধান্তে যাননি ভোটের ব্যাপারে।
ভোটাররা বলছেন, যাকে দিয়ে পৌরবাসী ভালো থাকবেন, তারা তাকেই ভোট দেবেন।
