চট্টগ্রামের বন্দর থানার কলসি দিঘির পাড় এলাকায় কাশেম কলোনিতে মা আকলিমা বেগম (৩০) এবং মেয়ে খাদিজা আক্তার (১৩) বিষপান করেছেন। এ ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মহসিন জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে স্বামী খোকন বেপারি কক্সবাজারের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যান। দুপুরে নিকটাত্মীয়দের কয়েকজন তাকে ফোন করে জানায়, তাদের বাসার দরজার ভেতর থেকে ছিটকিনি লাগানো। অনেক ডাকাডাকি এবং দরজায় ধাক্কা দেয়ার পরও কারও সাড়া পাওয়া যাচ্ছেনা।
খোকন বিষয়টি পুলিশকে জানায়। পরে আত্মীয়স্বজনেরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন আকলিমা এবং খাদিজা বিষ খেয়েছেন। আকলিমা বিষের যন্ত্রণায় ছটপট করছেন। আর খাদিজা নিথর হয়ে গেছেন।
পুলিশ গিয়ে আকলিমাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর রাতে খাদিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী এবং মেয়েকে রেখে কক্সবাজারে যাওয়ায় অভিমানে দু’জন বিষপান করে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
