বাবার ঋন খেলাপীর কারণে প্রার্থীতা বাতিল হওয়া হোমনা পৌরসভার ৪,৫,ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রাবেয়া লতিফ প্রার্থীতা ফিরে পেয়েছেন।
কাউন্সিলর প্রার্থী রাবেয়া লতিফ জানান, তার বাবা আবদুল খালেক ২০০০ সালে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর আগে কৃষি ব্যাংক থেকে ঋন নিয়ে ছিলেন। এ ঋনের বিষয়ে কখনও ব্যাংক থেকে আমার কাছে কোনো নোটিশও পাঠানো হয়নি। বাবার অন্য ওয়ারিশদের কাছে এ ব্যাপারে আগে নোটিশ গিয়ে থাকলেও আমি তা জানি না। কিন্তু আমি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করার পর গত ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে বাবার ঋণ খেলাপির কারণে রিটার্নিং অফিসার ও ইউএনও আহমেদ জামিল আমার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে আমি বিধি মোতাবেক জেলা রিটার্নিং অফিসারের কাছে আপিল করলে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।'
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. কামাল হোসেন বলেন, 'আপিলে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার খবর পেয়েছি, কিন্তু এখনও রায়ের কপি হাতে পাইনি। হয়তো শনিবার কপি হাতে পেতে পারি।'
