নড়াইলের লোহাগড়া থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৯২৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে লোহাগড়া পৌরসভার সরকার পাড়া থেকে এগুলো উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার সরকার পাড়ায় লুত্ফর রহমানের বাড়ি তৈরির জন্য শ্রমিকরা ভিত্তিপ্রস্তর খুঁড়ছিলেন। দুই ফুট খোঁড়ার পর মাটির নিচে গুলি ও ম্যাগজিন দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৮৭৫ রাউন্ড এসএলআর ও ৫০ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলিসহ দুইটি ম্যাগজিন উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলি ও ম্যাগজিনগুলোতে মরিচা পড়ে গেছে। এগুলো স্বাধীনতা যুদ্ধের সময়ে রাখা হতে পারে।
