আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা পৌর এলাকায় জমে উঠেছে চার মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণা। শুরু হয়েছে নির্বাচনী পথসভা ও মতবিনিময়। দেয়ালে দেয়ালে সাটানো হয়েছে পোস্টার। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ, রয়েছে ব্যানারও। আর নির্বাচনের সঙ্গী ‘প্রতিশ্রুতি’ তো রয়েছেই।
দলীয় প্রার্থী হয়ে প্রতিশ্রুতি নিয়ে পৌরবাসীর মন জয় করতে মাঠ কাপিয়ে বেড়াচ্ছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহাদাত হোসেন। একইভাবে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মাঠে আছেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনও দিনরাত পরিশ্রম করছেন। এদিকে, সুযোগের সৎ ব্যবহার করতে চান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি দলীয় প্রার্থী তাছকিন আহমেদ চিশতি। অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোর প্রচার চালাচ্ছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এই চার মেয়র প্রার্থীই শহরের বিভিন্ন স্থানে চষে বেড়াচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে।
