পাবনার আতাইকুলার মধুপুর গ্রামে স্কুলছাত্র শাকিল আকতারকে (১৪) অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধে ও দু’চোখ উপড়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাকিল মধুপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
শাকিলের বাবা বেলাল হোসেন জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলছিল শাকিল। এ সময় মোবাইল ফোনে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ মেলেনি। রাত ১২টার দিকে শাকিলের মোবাইল ফোন থেকে তাকে ফোন করে শাকিলের মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করা হয়। কাউকে না জানিয়ে টাকা নিয়ে মধুপুর বাজারে একা আসতে বলে অপহরণকারীরা। তাদের কথা মত টাকা নিয়ে মধুপুর বাজারে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে কাউকে পাওয়া যায়নি বলে জানান শাকিলের বাবা।
তিনি বলেন, এ সময় বন্ধ পাওয়া যায় শাকিল বা অপহরণকারীদের মোবাইল ফোনও। পরে শনিবার দুপুরে বাড়ির পাশে বাগানে শাকিলের মৃতদেহ পাওয়া যায়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, অপহরণের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। রাতে ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে স্কুলছাত্র শাকিল নিখোঁজ হয় বলে শুনেছি। শনিবার দুপুরে বাড়ির পাশে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
