পাকিস্তানের কেন্দ্রিয় ব্যাংক দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের অর্থনীতি জোরদারের আভাস দিয়েছে। দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক বছর পূর্তির কয়েকদিন আগে পাক কেন্দ্রিয় ব্যাংক এ আভাস দিলো।
২০১৫ সালের জুনে শেষ হওয়া অর্থ বছরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যাংকের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে পাকিস্তানের কেন্দ্রিয় ব্যাংক অর্থনীতি জোরদারের এ আভাস দেয়।
ইসলামাবাদ জানায়, ২০০১ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পুঞ্জীভূত ব্যয় আট হাজার পাঁচশ কোটি মার্কিন ডলার। এ অর্থ ২০১৫ সালের গড় আভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) এক তৃতীয়াংশের সমান।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীর একটি বিদ্যালয়ে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ভয়াবহ হামলার পর পাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। সেখানে তালেবান জঙ্গিদের ওই হামলায় ১৫০ জনের বেশী লোক প্রাণ হারায়।
ভয়াবহ ওই হামলার প্রেক্ষিতে সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে এবং সরকার সন্ত্রাস দমনে জোরালো পরিকল্পনা গ্রহণ করেছে।
২০১৬ সালের জুনে শেষ হতে যাওয়া বর্তমান অর্থ বছরে জিডিপি ৫.৫ শতাংশ বাড়তে পারে, সরকার এমন আভাস দিয়েছে। গত অর্থ বছরে এটি ছিল ৪.২ শতাংশ। বাসস
