মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুলছাত্র অন্তরকে অপহরণের পর হত্যার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা অভিযুক্ত সবুজের খালা ও খালু। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে মুক্তিপণের দাবিতে অন্তরকে অপহরণের মাত্র পাঁচ ঘণ্টার মাথায় স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের একটি রুমে অভিযুক্ত সবুজ শিশুটিকে শ্বাসরোধ করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে শনিবার দুপুরে আবারো সবুজের খালার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে গ্রামবাসী। এবং দোষীদের বিচারের দাবিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মানববন্ধন করেছে। এ ঘটনায় গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে পড়েছে। IMG0
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, অন্তরের পিতা কাফিরুলের বাদী হয়ে করা মামলায় ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সবুজকে গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, অন্তরের বাবা কাফিরুল ইসলাম সৌদি প্রবাসি। সম্প্রতি সে দেশে ফিরে আসে। মাঝে মধ্যে নানা অজুহাতে টাকা দাবি করে সবুজ। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করেন কাফিরুল ও তার স্ত্রী সজনী। বৃহস্পতিবার বিকেলে শিশু অন্তরকে অপহরণ করে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে আটক রাখে সবুজ। মুক্তিপণ দাবি করতে অন্তরের পিতা কাফিরুলের মোবাইল ফোনের নম্বরটি যোগাড় করতে ব্যর্থ হলে অন্তরকে শ্বাসরোধ করে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়। প্রতিবেশীরা বিদ্যালয়ের ভিতর থেকে সবুজকে বের হতে দেখে সন্দেহ করে খোঁজাখুঁজি শুরু করে এবং অন্তরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন। অন্তরের মারা যাবার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে সবুজের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
