শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল দেয়ার সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। শিক্ষা প্রতিষ্ঠানের সকল আয় সরকারি তহবিলে জমা দিলে পে-স্কেল কার্যকর করা হবে- সরকারি এমন সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছেন তারা।
সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু শনিবার এক যুক্ত বিবৃতিতে ৮ম জাতীয় বেতন স্কেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জাতীয় পে-স্কেলে অর্ন্তভূক্ত করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান।
বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে ফেরত দেয়ার শর্ত সাপেক্ষে শিক্ষক কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যকর করা হবে মর্মে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এদেশের ৫ লক্ষ শিক্ষক কর্মচারীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। যাতে করে বর্তমান শিক্ষাবান্ধব প্রধামন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
