গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। তারা নাশকতার মামলায় চার্জসিটভুক্ত পলাতক আসামিও।
শনিবার দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জামায়াত কর্মী হুমায়ন কবীর (৪৫) উপজেলার খানাবাড়ী গ্রামের ও রফিকুল ইসলাম ওরফে খোকন (২৮) ধর্মপুর গ্রামের বাসিন্দা।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকালে হুমায়নকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে খোকনকে থানা হাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পর জামায়াত-শিবির নেতা-কর্মীরা বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হামলা চালায়। ওই দিন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে সহস্রাধিক সশস্ত্র জামায়াত-শিবিরকর্মী ঢুকে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির তৎকালীন উপ-পরিদর্শক আবু হানিফ বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত দলীয় সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়।
