পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন জেলায় মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৩৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুক্রবার ও শনিবার আপিল শুনানির মাধ্যমে তারা প্রার্থিতা ফিরে পান। এর আগে গত ৫ ও ৬ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করে স্ব স্ব রিটার্নিং অফিসার। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর-
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌরসভায় কাউন্সিলর পদে ১৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। যারা আবার প্রার্থিতা ফিরে পেলেন তারা হলেন- ২নং ওয়ার্ডে নরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ওয়ালিউর রহমান, ৫নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম, আজিজুল হক, চৌধুরী মো. সারোয়ার রশিদ উজ্জল, কামাল হোসেন, ৬নং ওয়ার্ডের ফররুখ আহম্মেদ, শেখ দবির উদ্দিন, ৮নং ওয়ার্ডের একেএম সফিউল এনাম পারভেজ, ৯নং ওয়ার্ডের বাদশা আলম, প্রদীপ শংকর চক্রবর্তী, তরিকুল ইসলাম, ১০নং ওয়ার্ডের আবদুর রহিম। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালাকে আবার প্রার্থিতা দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া পৌরসভা নির্বাচনে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম। আখাউড়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা বদর-উদ-দোজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল : টাঙ্গাইলের ৮টি পৌরসভায় বাতিল হওয়া ৩৮ প্রার্থীর মধ্যে ২২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে দুইজন মেয়র, ১২ জন কাউন্সিলর প্রার্থী ও ৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে। জানা গেছে, ৮টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩৮ জনের মনোনয়ন বাতিল হয়। পরে একজন মেয়র প্রার্থী বাদে সবাই কর্তৃপক্ষের কাছে আপিল করেন।
কর্তৃপক্ষ শুক্রবার আপিল শুনানির দিন ধার্য্য করেন। এদিন প্রার্থীরা সংশ্লিষ্ট কাগজপত্র আপিল শুনানির সময় উপস্থাপন করেন। শুনানি শেষে ২ জন মেয়র প্রার্থী, ১২ জন কাউন্সিলর প্রার্থী ও ৮ জন নারী মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
ভোলা : ভোলা পৌরসভা নির্বাচনে নির্বাচনী মাঠে টিকে গেলেন চার নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. শওকত হোসেন। জেলা নির্বাচন আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করার পর শুক্রবার সন্ধ্যায় তার প্রার্থিতা ফিরিয়ে দেয়া হয়। এর আগে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
চাঁদপুর : হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থিত মেয়র পদ প্রার্থী আবদুল মান্নান খানের প্রার্থিতা বহাল রেখেছেন অাপিল বিভাগ। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানিতে মেয়র পদ প্রার্থী বিএনপির নেতা হেলাল উদ্দিন মজুমদারের আনিত অভিযোগ নাকচ করে দেয়া হয়েছে। ফলে ধানের শীষ প্রতীকে আবদুল মান্নান খান বাচ্চু নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না।
হোমনা (কুমিল্লা) বাবার ঋণ খেলাপির কারণে প্রার্থীতা বাতিল হওয়া হোমনা পৌরসভার ৪,৫,ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রাবেয়া লতিফ প্রার্থীতা ফিরে পেয়েছেন।
কাউন্সিলর প্রার্থী রাবেয়া লতিফ জানান, তার বাবা আবদুল খালেক ২০০০ সালে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর আগে কৃষি ব্যাংক থেকে ঋন নিয়ে ছিলেন। এ ঋনের বিষয়ে কখনও ব্যাংক থেকে আমার কাছে কোনো নোটিশও পাঠানো হয়নি। বাবার অন্য ওয়ারিশদের কাছে এ ব্যাপারে আগে নোটিশ গিয়ে থাকলেও আমি তা জানি না। কিন্তু আমি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করার পর গত ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে বাবার ঋণ খেলাপির কারণে রিটার্নিং অফিসার ও ইউএনও আহমেদ জামিল আমার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে আমি বিধি মোতাবেক জেলা রিটার্নিং অফিসারের কাছে আপিল করলে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
