পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন শেষে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় গার্ড অব অর্নার দেয়া হয়েছে। দোগাছিতে পদ্মা সেতুর সার্ভিস এরিয়াতে এই গার্ড অব অর্নার প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হাসান বাদল ও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।
এতে পুলিশের ৩০ নারী সদস্য রাষ্ট্রীয়ভাবে সশস্ত্র সালাম প্রদান করে। এতে সহকারী পুলিশ সুপার লিমা আক্তার প্যারেট কমান্ডার এবং প্যারেট টু আইসির দায়িত্ব পালন করেন এসআই আমেনা বেগম। গার্ড অব অনারে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী শুধু জাতীয় পতাকা থাকার কথা। কিন্তু অতি উৎসাহী কতিপয় পুলিশ জাতীয় পতাকার পাশাপাশি পুলিশের পতাকাও অজান্তেই টাঙ্গিয়ে দেয়। প্রধানমন্ত্রীর সালাম গ্রহণের আগেই বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। পরে এটি খুলে নেয়ার নির্দেশ দেয়া হয়। এরই মধ্যে কেবিনেট ও প্রধানমন্ত্রীর দফতর জ্ঞাত হয়। পরে পুলিশ এটি সরিয়ে নেয়। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে অযাচিত এমন ঘটনা বিব্রতকর অবস্থায় ফেলে সংশ্লিষ্টদের। এটি সরিয়ে নেয়ার পর জাতীয় পতাকায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
এতে অংশ নেয়া প্যারেট টু আইসির এসআই আমেনা বেগম জানান, বিধান অনুযায়ী গার্ড অব অনারে জাতীয় পতাকাই থাকার কথা। তাই পরে কর্তৃপক্ষের নির্দেশে এটি খুলে নেয়া হয়েছে।
