থানা হাজত থেকে হত্যা মামলা আসামির পলায়ন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:৩৭
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজত থেকে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে। পলাতক কবির হোসেন ফতুল্লার দেওভোগ এলাকার বাসিন্দা। তিনি পশ্চিম দেওভোগ এলাকার রাকিবুল হাসান রকি হত্যাকাণ্ডের ১৭ আসামির মধ্যে একজন।
 
পুলিশ জানায়, রাত সাতটার দিকে থানা হাজতের দায়িত্বপ্রাপ্ত এক কনস্টেবল ভুলবশত হাজতের তালা না লাগিয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন আসামি হাজতের সামনে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে কথা বলছিলেন। কবির হোসেন এ সময় লোকজনের ভিড়ে মিশে গিয়ে পালিয়ে যায়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহমেদ বলেন, ‘কবির হাজত থেকে পালিয়ে যাওয়ার সময় আমি একটি মাদক বিরোধী অভিযানে ছিলাম। হাজত থেকে কিভাবে পালিয়েছে তা জানি না। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কবিরকে তিনদিনের রিমান্ডে আনা হয়েছিল। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’
 
উল্লেখ্য, মাদক ব্যবসায় বাধা দেয়া ও মাদকবিরোধী কমিটি গঠন করায় ২০১৪ সালের ২১ মার্চ রাতে ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে রকিকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২৩ দিন পর পুলিশের হাতে গ্রেফতার হয়ে রাসেল মিয়া নামের এক যুবক জবানবন্দিতে আদালতকে ১৭ জনের নাম জানান।