বিএনপির বিদ্রোহীদের বাগে আনার চেষ্টা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২৩:৪৯

দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে ’মাথাব্যথা’ নেই বিএনপিতে। দলটি দাবি করছে, তাদের অধিকাংশ বিদ্রোহী প্রার্থী আজ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। সরকারি দলের মতো পরিস্থিতি তাদের নেই। বর্তমান প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে তারা নমনীয়। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যাঁরা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন তাঁদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতেও চায় না বিএনপি। কেন্দ্র এবং মাঠ নেতারা কথা বলে বিদ্রোহীদের ম্যানেজ করার চেষ্টা করছেন। দলের একজন সিনিয়র নেতা বলেন, বিদ্রোহী প্রার্থী নয়, বিএনপিকে ভাবাচ্ছে কয়েকটি পৌরসভায় প্রার্থী-সংকট নিয়ে। ২৩৩টি পৌরসভায় মেয়র পদে মনোনয়ন দিয়েছিল দল। এখন টিকে আছেন ২১৮ জন। বিলম্বিত সিদ্ধান্তের কারণে মনোনয়নে তাড়াহুড়ো করতে গিয়ে বহু পৌর এলাকায় যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। ফলে বিপত্তি এখনো চলছে। দলের অনেক জনপ্রিয় নেতা এবার নির্বাচনে অংশ নিতে চাননি।

 
দলের দায়িত্বশীলদের কাছে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫টি পৌরসভায় এখনো তাদের ২৭-৩০ জন ‘বিদ্রোহী’ প্রার্থী মাঠে আছেন। বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ছিল ৪১ জন। বাছাইয়ে বাতিল হওয়ার পর এখন বর্তমান সংখ্যায় নেমেছে। এর মধ্যে কয়েকটি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী খুবই শক্তিশালী। তাদের কারণে দলের ‘নিশ্চিত’ বিজয় হাতছাড়া হতে পারে।
 
দলের নেতারা বলেছেন, সব বিদ্রোহী প্রার্থীর সঙ্গে কথা বলেছেন দায়িত্বশীলরা। তারা অধিকাংশই আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে রাজি হয়েছেন। তবে কেউ কেউ মান-অভিমান নিয়ে বেঁকে বসেছেন। তারা মাঠ ছাড়বেন না। অনেক পৌরসভাতে দলের সিদ্ধান্ত অনুযায়ী বিকল্প প্রার্থী রাখা হয়েছিল। সেখানে দলের প্রার্থী বৈধ হওয়ায় আজকের মধ্যে বিকল্প প্রার্থীরা নিজেদের নাম প্রত্যাহার করে নেবেন। যে সব পৌরসভায় দলীয় প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাঁদের সবাইকে দ্রুত আপিল করতে বলা হয়েছে। বাতিল হওয়ার মধ্যে মাদারীপুরের শিবচর, ফেনী সদর ও কুমিল্লার চৌদ্দগ্রামে কোনো বিকল্প প্রার্থী নেই।
 
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৌর নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তারা নমনীয়। তাদের অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করবেন।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আশা করছি আজকের মধ্যে বিএনপিতে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। আমরা কথা বলেছি তাদের সঙ্গে।
 
বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রার্থী প্রত্যায়নকারী মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা বিদ্রোহী মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলছি। স্থানীয় নেতারাও ম্যানেজ করার চেষ্টা করছেন।
 

তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী নিয়ে দল চিন্তিত নয়। এদের সংখ্যা এখন ২৭ থেকে ৩০ জন। কেউ যদি প্রত্যাহার না-ও করেন তাদের বহিষ্কার করার ব্যাপারে দল ভাবছে না।