জেলার আতাইকুলার মধুপুর গ্রামে স্কুলছাত্র শাকিল আকতারকে (১৪) অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে অপহরণকারীরা। তারা শাকিলের দুই চোখ উপড়ে ফেলে। শুক্রবার মধ্যরাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। বাড়ির পাশে বাগান থেকে গতকাল শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাকিল মধুপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। শাকিলের বাবা বেলাল হোসেন জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলছিল শাকিল। এ সময় মোবাইল ফোনে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ মেলেনি।
রাত ১২টার দিকে শাকিলের মোবাইল ফোন থেকে তার বাবাকে ফোন করে শাকিলের মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করা হয়। কাউকে না জানিয়ে টাকা নিয়ে মধুপুর বাজারে বাবা বেলালকে একা আসতে বলে অপহরণকারীরা।
কিন্তু টাকা নিয়ে মধুপুর বাজারে গিয়ে সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করে কাউকে পাওয়া যায়নি বলে জানান বেলাল হোসেন। বন্ধ পাওয়া যায় শাকিল বা অপহরণকারীদের মোবাইল ফোন। পরে গতকাল দুপুরে বাড়ির পাশে বাগানে তার মৃতদেহ পাওয়া যায়।
আতাইকুলা থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী জানান, অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
