মুন্সীগঞ্জের সিরাজদিখানে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই রাজন দাস (২৮) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৮টায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন দাস (৩১) পালিয়েছেন বলে জানা গেছে। নিহত রাজন উপজেলার ফুরশাইল গ্রামের মৃত সুরেশ দাসের ছেলে।
খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। রবিবার সকাল ৯টায় ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখতে পায় রাজন মাটিতে পড়ে আছেন। তার বুকের বাম দিকের ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছিল। এ সময় তার ভাই ও মা অন্ধকারে পালিয়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণ এই হত্যাকাণ্ড- সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-প্রশাসন) মো. ইয়ারদৌস হাসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে মামলা করেছেন। খুনিকে আটকের চেষ্টা চলছে।
