লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মফিজ উল্যা হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার ভোররাতে দিলশাদপুর ও সোনাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রনি, আরাফাত হোসেন, রিপন ও শাহেদ হোসেন ।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. মোশারেফ হোসেন এর আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত আসামি শাহেদ হোসেন। এ ঘটনায় মোট সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শাকিল হোসেন ও মনির হোসেন একই আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের সবার বাড়ি সদর উপজেলার বালাইশপুর, সোনাপুর ও দিলশাদপুর গ্রামে।
লক্ষ্মীপুর গোয়েন্দা শাখার ও সি আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সোনাপুর ও দিলশাদপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মফিজউল্যা হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে এ মামলায় সাতজকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে শাহেদ, মনির হোসেন ও শাকিল হোসেন আদালতে পৃথকভাবে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অন্যদেরও গ্রেফতারের অভিযান চলছে।
উল্লেখ্য, গত ১৬ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা মফিজউল্যাহকে বাড়ির সামনের রাস্তায় গলাকেটে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং বালাইশপুর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
