ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৪:০২
ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। এতে দুর্যোগপ্রবণ দেশটির পূর্বাঞ্চলীয় উপকূল হুমকির মুখে পড়েছে। ঝড়ের প্রভাবে বিশাল বিশাল ঢেউ উপকূলে আঘাত হানতে পারে এবং বন্যা ও ভূমিধসের আশংকা করা হচ্ছে।
 
আবহাওয়াবিদরা বলেছেন, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেলর সোমবার বিকেল নাগাদ আরো শক্তি অর্জন করে পূর্ণাঙ্গ টাইফুনে পরিণত হতে পারে। এদিন এটি মধ্যাঞ্চলের সামার দ্বীপে আঘাত হানতে পারে। বেসামরিক প্রতিরক্ষা প্রধান আলেকজান্ডার পামা উদ্ধার কর্মকর্তাদের একটি বৈঠকে বলেন, এই ঝড়ের সমূহ বিপদ আমাদের খাটো করে দেখা উচিত হবে না।
 
স্থানীয় বাসিন্দাদের এখনও সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়নি। তবে কর্তৃপক্ষ বলেছে, সামার দ্বীপে ঝড় আঘাত হানলে বাসিন্দাদের সরিয়ে নেয়া হতে পারে। ঝড়টি ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। সামার দ্বীপে ১৫ লাখ লোকের বাস। 
 
ঝড়টি রোববার প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছিল। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেলর আঘাত হানতে পারে এমন এলাকায় খাবারের প্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ করে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে বাসিন্দাদের সরিয়ে নিতে সামরিক বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
 
সোমবার থেকে বুধবারের মধ্যে ১৫০ কিলোমিটার এলাকা অতিক্রম করতে পারে মেলর। এ সময় ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দেয়া হয়েছে। মেলরের আঘাত সামার, মাসবেট, মারিনডুকুই ও মিন্দোরো দ্বীপ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এরপর এটি বুধবার ভোর নাগাদ ম্যানিলার কাছে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হতে পারে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের নির্বাহী পরিচালক পামা বলেন, কিছু এলাকায় বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ার ঝুঁকি রয়েছে। এএফপি।