রাজশাহী বিভাগের ১০ মেয়র দলীয় মনোনয়ন বঞ্চিত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৮:১০
রাজশাহী বিভাগের অর্ধশত পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব পৌরসভার ১৭ টিতে আওয়ামী লীগ এবং ২৯ টিতে  বিএনপির সমর্থক মেয়র ছিলেন।
 
তবে প্রথমবারের মত এবার দলীয় মনোনয়নের ক্ষেত্রে বিএনপির ২৯ মেয়র থেকে ছয়জন এবং আওয়ামী লীগের ১৭ জন থেকে চারজন মেয়র দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
 
জানা গেছে, রাজশাহীর আড়ানী পৌরসভার বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম দলীয় মনোনয়ন পাননি। তার জায়গায় দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির নেতা তোজাম্মেল হোসেন। তানোর পৌরসভায় বর্তমান মেয়র ও পৌর বিএনপির আইন সম্পাদক আবুল হাসনাত মোখলেসুর রহমান ফিরোজ সরকার এবার দলীয় মনোনয়ন পাননি। তার জায়গায় দলীয় মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান। তবে মনোনয়ন বঞ্চিত নজরুল ইসলাম ও ফিরোজ সরকার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে এবারও প্রার্থী হয়েছেন।
 
পাবনা পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি নেতা কামরুল হাসান মিণ্টুও দলীয় মনোনয়ন পাননি। এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগা। তবে কামরুল হাসান মিন্টু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি নেতা আব্দুস সালাম দলীয় মনোনয়ন পাননি। তার জায়গায় দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা মুকুল।
 
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপির নেতা মাওলানা আব্দুল মতিনের জায়গায় এবার বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন নবাগত ও সাবেক মেয়র আতাউর রহমান।
 
শিবগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি নেতা শামীম কবির হেলিমের জায়গায় এবার বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
 
অন্যদিকে বগুড়ার ধুনট পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা এজিএম বাদশার জায়গায় এবার দলীয় মনোনয়ন পেয়েছেন শরিফুল ইসলাম খান।
 
জয়পুরহাটের কালাই পৌরসভার বর্তমান মেয়র ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের জায়গায় এবার দলীয় মনোনয়ন পেয়েছেন থানা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম।
 
পাবনার পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা মীর্জা রেজাউল করিম দুলালের জায়গায় এবার দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন।
 
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা লাল খা’র জায়গায় এবার দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশা নুর বিশ্বাস।