সৌদি আরবের যুবরাজ আলওয়ালিদ বিন তালাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে সেদেশের কলঙ্ক বলে অভিহিত করেছেন। ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার নিন্দা জানাতে গিয়ে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান ট্রাম্প। এর পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন এই রিপাবলিকান পদপ্রার্থী। তার সমালোচনায় হোয়াইট হাউজ, পেন্টাগনসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি সোচ্চার হয়েছেন।
টুইটারে সৌদি যুবরাজ লিখেছেন, শুধু রিপাবলিকান শিবিরেরই না পুরো আমেরিকার কলঙ্ক তুমি। প্রেসিডেন্ট হওয়ার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াও কারণ তুমি তা কখনোই হতে পারবে না।
এর কিছুক্ষণ পরই টুইটারেই পাল্টা জবাব দেন ট্রাম্প। তিনি লিখেছেন, মাতাল যুবরাজ আলওয়ালিদ তালাল তার বাবার অর্থের জোরে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। আমি নির্বাচিত হলে তুমি এটা করতে পারবে না।
উল্লেখ্য, প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক যুবরাজ তালাল। সূত্র: ডেইলি মেইল
