কুমিল্লায় ৫ মেয়র প্রার্থীসহ ৩৪ জনের প্রার্থিতা প্রত্যাহার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২০:২২
কুমিল্লার ছয় পৌরসভায় পাঁচজন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর ২৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী দুইজনসহ ৩৪ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী তিন মেয়র প্রার্থী রয়েছেন।
 
এদিকে প্রতিদ্বন্দ্বী না থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদে দুইজনকে ও সাধারণ ওয়ার্ডে একজনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
 
দাউদকান্দি: দাউদকান্দি পৌরসভায় মেয়র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আবদুস সাত্তার ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী অহিদুল ইসলাম সরকার। কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন, তিন নং ওয়ার্ডের একেএম সারোয়ার জাহান ও ছয় নং ওয়ার্ডের জসিম উদ্দিন।
 
চান্দিনা: চান্দিনা পৌরসভায় মেয়র পদে দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন ও জাতীয় পার্টির (এ) আবুল কালাম আজাদ। এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ছয় নং ওয়ার্ডের আতর আলী ও সাত নং ওয়ার্ডের আলী হোসেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
 
লাকসাম: লাকসাম পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে আটজন ও সংরক্ষিত কাউন্সিলর পদে দুইজন তাদের মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। সাধারণ কাউন্সিলর পদে এক নং ওয়ার্ডে আবুল হাসেম, দুই নং ওয়ার্ডে শাহাদাত হোসেন ও মো. সোলায়মান, চার নং ওয়ার্ডে সফিউল্লাহ, ছয়নং ওয়ার্ডে ফারুক হোসেন ও মেজবাহ উদ্দিন মিশু, আট নং ওয়ার্ডে মাহবুব শিকদার ও নয় নং ওয়ার্ডে ফারুক হোসেন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে এক নং ওয়ার্ডে নাসিমা আক্তার ও রুমি আউয়াল প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর পদে এক নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী না থাকায় সালমা আক্তার ও তিন নং ওয়ার্ডে মোশফেকা আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
 
হোমনা: এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে দুইজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন দুই নং ওয়ার্ডে জাকির হোসেন ও সাত নং ওয়ার্ডের ইউনুস মিয়া।
 
চৌদ্দগ্রাম: এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হচ্ছেন সাত নং ওয়ার্ডে মো. মাঈন উদ্দিন মজুমদার, আটনং ওয়ার্ডের ইয়াকুব নবী, কাজী বেলাল ও গাজী শহিদুল্লাহ। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী না থাকায় কাজী বাবুলকে নির্বাচিত ঘোষণা করা হয়।
 
বরুড়া: এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে নয়জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হচ্ছেন, এক নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ ও আবদুল মোতালেব; তিন নং ওয়ার্ডে শাহ আলম; পাঁচ নং ওয়ার্ডে ইসমাইল হোসেন খোকন; ছয় নং ওয়ার্ডে জসিম উদ্দিন, সাব্বির হোসেন ও আমান উল্লাহ; আট নং ওয়ার্ডে ইমাম হোসেন ও নয় নং ওয়ার্ডে আবদুল মজিদ।
 
উল্লেখ্য, শেষ পর্যন্ত জেলার ছয় পৌরসভায় ২৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জেলার বরুড়া পৌরসভায় সাতজন, চান্দিনায় তিনজন, হোমনায় ছয়জন, লাকসামে তিনজন, চৌদ্দগ্রামে দুইজন ও দাউদকান্দিতে চারজনসহ মোট ২৫ জন প্রার্থী রয়েছেন।