সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গাড়িতে বিস্ফোরকের আলামত পাওয়ায় তাদের গ্রেফতার করে পুলিশ। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন সন্দেহভাজন জিহাদির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে সেখানে। খবর এএফপির।
জেনেভার প্রসিকিউটর অলিভার জর্নোট সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওই দুজনের সিরীয় পাসপোর্ট রয়েছে ও আরবিতে কথা বলেন। তারা ‘সম্প্রতি সুইজারল্যান্ডে আসেন’। পুলিশকে এই দুজনের ‘আচরণ’ সম্পর্কে সতর্ক করে দেয়ার পর তাদের গ্রেফতার করা হয়।
এই দুই সিরীয় নাগরিকের শেনজেন অঞ্চল দিয়ে স্বাধীনভাবে যাতায়াতের ভিসা ছিল কিনা সে সম্পর্কে প্রশ্ন এড়িয়ে যান অলিভার জর্নোট। তবে তিনি বলেন, ১৩ নভেম্বর প্যারিস হামলার পরিকল্পনাকারী সন্দেহে যে চারজনকে খোঁজা হচ্ছে এই দুই জন তাদের মধ্যে নেই।
