বস্তি উচ্ছেদের সময় শিশুর মৃত্যুতে ক্ষোভ কেজরিওয়ালের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০০:০৬

দিল্লির পশ্চিমদিকে অবৈধভাবে দখলে থাকা শাকুর বস্তিতে রোববার উচ্ছেদ অভিযান চালানোর সময় ছয়মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দু কেজরিওয়াল দায়িত্বপ্রাপ্তে রেল কর্মকর্তার বিরুদ্ধে খুনের মামলা করতে চান বলে জনসম্মুখে বলেছেন।

 
উচ্ছেদ অভিযানে প্রায় ১২শ বস্তিঘর গুড়িয়ে দেয়া হয়। কাজটি করেছে দিল্লির রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ বলেছে উচ্ছেদ অভিযান শুরু করার পূর্বে বস্তিবাসীদের তারা তিনবার নোটিশ দিয়েছে। প্রথম নোটিশ দেয়া হয়েছিল ২০১৫ সালের ১৪ মার্চ।
অভিযান চলাকালে বস্তির একটি ঘরের ভিতরে থাকা ছয়মাস বয়সী একটি শিশু মারা যায়। কিন্তু রেল কর্তৃপক্ষ বলছে ‍শিশুটি অভিযান শুরুর ২ ঘন্টা আগে মারা গিয়েছে।
 
দিল্লি পুলিশ বলেছে, অভিযান চলাকালে শিশুটির বাবা-মা তাড়াহুড়ো করে বস্তি থেকে বের হওয়ার সময় শিশুটির ওপর একগাদা কাপড় পড়ে গেলে সে দমবন্ধ হয়ে মারা যায়।
 
মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কোনো কথাই শুনতে চাচ্ছনে না। তিনি রেল কর্তৃপক্ষের ওপর রেগে আছেন। সেই সঙ্গে দুইজন উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদকৃতদের খাবার ও আশ্রয় প্রদানে ব্যর্থতায় বরখাস্ত করেছেন।