সৌদি আরবে নির্বাচনে প্রথমবারের মতো নারী ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।
দেশটিতে শনিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অন্তত ১৪টি আসনে জয়ী হয়েছে নারী প্রার্থী। অতি রক্ষণশীল সৌদি আরবে এটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি। মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, সৌদি আরবে আরো ব্যাপক ভিত্তিক নির্বাচনী প্রক্রিয়ার জন্যে নারীদের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা একটি জবাবদিহি সরকারে দেশটির সকল নাগরিকের প্রতিনিধিত্বকে নিশ্চিত করবে।
তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি দেশটির সমৃদ্ধি, স্থিতিশীলতা ও শান্তির জন্যে নির্বাচন ও শাসনে সকল নাগরিকের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ। দেশটির এ ঐতিহাসিক পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি।
উল্লেখ্য দেশটির ২৮৪টি পৌরসভার আসনসমূহে যে ৬ হাজার ৪শ ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের মধ্যে ৯শরও বেশি ছিল নারী। এ প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সৌদি নারীরা তাদের ভোটাধিকারও প্রয়োগ করে। এএফপি।
