মুক্তাগাছায় নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহারের অভিযোগ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৩০
 
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে শিশুদের ব্যবহারের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের তীর প্রার্থীদের দিকে ।
 
সোমবার প্রতীক পেয়ে অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের শোডাউন করতে দেখা যায়। শোডাউনে বিপুল সংখ্যক শিশুর উপস্থিতি অভিভাবক মহলকে শঙ্কিত করেছে ।
 
অভিভাবক ও সচেতন মহল জানান, এখনই শিশুদের ব্যবহার রোধ করা না গেলে আগামীতে শিশুদের দিয়ে দেয়াল লিখন, পোস্টার লাগানোর কাজ এমনকি প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পোস্টার লাগানোর কাজে ব্যবহার করা হবে ।
 
সচেতন মহলের দাবি, নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত থাকলেও মানছেন না প্রার্থীরা । জানা যায়, সর্বশেষ পাস হওয়া শিশু আইন ২০১৩ অনুসারে শিশুকে নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
 
বিশেষজ্ঞদের মতে, গরীব ও ছিন্নমূল শিশুদের এসব কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আশঙ্কা করা হচ্ছে, এতে শিশুদের মনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।