সারা দেশের ন্যায় সোমবার সাতক্ষীরায় পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার নির্বাচনী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক জানান, মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন নৌকা প্রতীক। জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙল পেয়েছেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি দলীয় প্রার্থী তাছকিন আহমেদ চিশতি পেয়েছেন ধানের শীষ।
IMG0
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু পেয়েছেন নারকেল গাছ প্রতীক।
তিনি আরো জানান, কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাতজন প্রার্থী তাদেরও বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
IMG1
এদিকে, কলারোয়া পৌরসভা নির্বাচনী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, সেখানে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত আসনে ছয়জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তারুল ইসলাম, জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙল পেয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুনসুর আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী আরাফাত হোসেন পেয়েছেন মোবাইল প্রতীক ।
IMG2
নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা ও কলারোয়া পৌর এলাকায় জমে উঠেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা। শুরু করেছে নির্বাচনী পথসভা ও মতবিনিময়। দেয়ালে দেয়ালে সাটানো হয়েছে পোস্টার। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ, রয়েছে ব্যানারও। আর নির্বাচনের ‘প্রতিশ্রুতি’ তো রয়েছেই।
