ত্রুটি মেরামত করে চালু করার এক মাস না যেতেই আবারো যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উত্পাদন। সোমবার সকালে কারখানার এ্যামোনিয়া প্লাটের ত্রুটির কারণে উত্পাদন বন্ধ হয়।এদিকে কারখানা বন্ধ থাকায় প্রতিদিন প্রায় দুই কোটি টাকা মূল্যের দেড় হাজার টন ইউরিয়া সার উত্পাদন ব্যাহত হচ্ছে।
কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, কারখানার এ্যামোনিয়া প্লান্টের বয়লার ট্রিপ করে সকাল ১১টায় ইউরিয়া সার উত্পাদন বন্ধ হয়ে যায়। এর আগে একই কারণে গত ১৫ নভেম্বর কারখানার উত্পাদন বন্ধ হয়েছিল। স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি মেরামত কাজ শুরুর করেছে। তবে কারখানা পুনরায় উত্পাদন চালু করতে ৩/৪দিন সময় লাগতে পারে।
কারখানার মহাব্যবস্থাপক (উত্পাদন) প্রকৌশলী ওমর খৈয়াম জানান, সরকারি সিদ্ধান্তে গত ১২ মে থেকে কারখানার উত্পাদন বন্ধ ছিল, ২০ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত কারখানাটি ৮২ হাজার টন ইউরিয়া উত্পাদন করেছে। এ্যানোনিয়া প্লান্টের বয়লারের ত্রুটির সকাল ১১টা থেকে ইউরিয়া উত্পাদন বন্ধ রয়েছে। মেরামত কাজ শুরু হয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২/৩ দিনের মধ্যে কারখানাটি পুনরায় উত্পাদনে যেতে পারবে। বর্তমানে গুদামে পর্যাপ্ত পরিমান সার মজুদ আছে সুতরাং ডিলার সার সরবরাহে কোন বিঘ্ন সৃষ্টি হবে না।
