শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৭:০৮
বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে জেলা সদর থেকে বাগেরহাটের ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগে শরণখোলা থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
 
জানা গেছে, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ খোন্তাকাটা এলাকার বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) একটি সড়কের কাজের বিল নিতে ১০ ডিসেম্বর বিকালে প্রকৌশলী মো. রুহুল ইসলামের কার্যালয়ে যান। বিলের জন্য প্রকৌশলীকে অনুরোধ করলে তিনি তাতে অপারগতা প্রকাশ করেন। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
 
এই ঘটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও জানতে পারলে তারা ওই দিন রাতে উভয়কে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এর পর ১২ ডিসেম্বর প্রকৌশলী রুহুল ইসলাম শরণখোলা থানায় ভাইস চেয়ারম্যানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো চার জনের নামে মামলা দায়ের করেন। হাসানুজ্জামান পারভেজ  বাগেরহাট যাওয়ার সময় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
 
প্রকৌশলী রুহুল ইসলাম বলেন, খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকায় এডিপির একটি প্রকল্পের সভাপতি ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ। তিনি কাজ সম্পন্ন না করেই ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে আমার অফিসে এসে বিল নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তার অনৈতিক দাবি না মানায় ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আ. রহমান জানান, ১২ ডিসেম্বর ভাইস চেয়ারম্যানের নামে মামলা দায়ের হয়। ওই মামলায় ডিবি পুলিশের হাতে ভাইস চেয়ারম্যানের গ্রেফতারর হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।