মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও জেলার তিনটি পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। রবিবার বিকাল পাঁচটায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
কালিহাতী পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়পত্র জমা দেন। এখানে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম এর পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন খালিদও দলীয় সিদ্ধান্তের বাইরে এই নির্বাচনে অংশ নিচ্ছে।
ভূঞাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থীর পাশাপাশি আরো দুইজন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করে। দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র মাসুদুল হক মাসুদসহ দলটি থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চলও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়ন বাছাইয়ের সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চলের মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে তিনি আপিল করলেও তা বৈধ হয়নি। তবে দলের অপর বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
সখিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী না থাকলেও রয়েছে বিএনপির। বিএনপির মনোনিত প্রাথী নাসির উদ্দিনের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী হিসেবে সানোয়ার হোসেন সজীবও এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।
