চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে বীরশ্রেষ্ঠের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, কোরআন খানি, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও গরীবদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল ইসলামের সভাপতিত্বে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবরের পার্শ্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বীরবিক্রম ৭নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার গিয়াস উদ্দিন আহম্মেদ চৌধুরী, সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার( অব) মো. এনামুল হক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দুরুল হোদা, সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান রহুল আমীন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সোনুসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঊষালগ্নে মহানন্দা নদীর রেহাইচরে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। পরে তার মৃতদেহ সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
