গাইবান্ধার স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামী মশিউর রহমান খাঁনকে (৩১) দেড় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মশিউর রহমানের সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের মহশিন আলী খানের ছেলে।
সোমবার বিকেলে জেলার সাদুল্লাপুর আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান শিকদার মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে এ আদেশ দেন।
বাদীর আইনজীবি মো. জাহাঙ্গীর হোসেন জানান, জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নুর হাওয়া বেগমের সঙ্গে ২০১১ সালে মশিউর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে মশিউর রহমান স্ত্রীর কাছে যৌতুক দাবি করে। স্ত্রী
যৌতুক দিতে অস্বীকৃতি জানালে মশিউর তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। বাধ্য হয়ে হাওয়া বেগম বাদী হয়ে ২০১৩ সালে যৌতুক নিরোধ আইনে স্বামী মশিউর রহমানের বিরুদ্ধে ওই আদালতে মামলা করে।
