৪০ হাজার ইয়াবাসহ সাংবাদিক দম্পতি গ্রেফতার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:২৯
 
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ জিটিভির (গাজী টিভি) কক্সবাজার জেলা প্রতিনিধিকে সস্ত্রীক গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জিটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম (৩২) ও তার স্ত্রী মুন্নি আক্তার (২৭)।
 
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাসে থানা একটি লাগেজে কম্বলে মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাইক্রোবাসে থাকা সেলিম নিজেকে গাজী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি বলে পরিচয় দেন। পরে মাইক্রোবাসে থাকা সেলিম ও তার স্ত্রীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।