বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, মোদী সরকার সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নির্মূলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে তাদের ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকার আগের যে কোন সরকারের চেয়ে ভালো করছে। বিশেষ করে কৃষিখাতে তারা উন্নয়নের গতিধারা রেখেছে। দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে এবং অপেক্ষাকৃত দুর্বল এলাকাগুলোতে এর অগ্রযাত্রা লক্ষ্য করা যাচ্ছে।
জয়পুরে রবিবার এক সমাবেশে অমিত শাহ এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সরকারের তরফ থেকে কোন ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে মোদী সরকারের অবস্থান জিরো টলারেন্স। গত জানুয়ারিতে জন্মু-কাশ্মীরে পাকিস্তানি সৈন্যদের হাতে শিরশ্ছেদকৃত ল্যান্স নায়েক হেমরাজ প্রসঙ্গে তিনি বলেন, সে আমাদের সাহসী যোদ্ধা। আমাদের কোন সৈন্যকেই কেউ অবদমিত করে রাখতে পারবে না। তারা সবসময়ই মাথা উঁচু করে থাকবে। তিনি বলেন, এসব দিকের বিবেচনায় মোদী সরকারের অবস্থান সবসময়ই স্পষ্ট।
কৃষকদের প্রশ্নে তিনি বলেন, স্বাধীনতা লাভের পর থেকে কোন সরকারই কৃষকদের নিরাপত্তায় কোন স্কিম করেনি। কিন্তু এ সরকার অনেক নিয়মের পরিবর্তন এনেছে এবং নীতিগতভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা চালু করেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এদেশের কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ৩৩ শতাংশ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই এ কারণে তারা কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি নৈতিকভাবে মেনে নিয়েছেন। এর আগে কৃষকদের যদি কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হতো তখন তাদের উপরআলার দিকেই তাকিয়ে থাকতে হতো। এবার তাদের সবরকম সহযোগিতায় মোদী সরকার পাশে রয়েছে। সূত্র: এনডিটিভি
