পৌর নির্বাচনে মাঠে থাকবে বিএনপি : মওদুদ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৬
 
আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
 
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
 
মওদুদ আহমেদ বলেন, বিএনপি পৌর নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করবে। বিগত সিটি নির্বাচনে সরকার ফেল করেছে। পৌর নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এ পরীক্ষায় পাস করলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।
 
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, পৌর নির্বাচনও সিটি নির্বাচনের মতো হবে। সরকার প্রশাসনের ক্ষমতাবলে নির্বাচন করবে। নির্বাচন কমিশনের ভূমিকা নেই। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। সরকার যা চায় তাই হবে। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও আসলে তারা কারচুপি করে জয়লাভ করবে।
 
মওদুদ আরো বলেন, গণতন্ত্রই জঙ্গিবাদতে ঠেকাতে পারে। গণতন্ত্র রক্ষার জন্য আমরা পৌর নির্বাচনে লড়াই চালিয়ে যাব। আর যদি এখানে গণতন্ত্র হেরে যায় তাহলে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে।
 
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হলেই মুক্তিযুদ্ধের প্রজন্ম হওয়া যায় না, সত্যিকার মুক্তিযুদ্ধের প্রজন্ম হতে হলে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারন করতে হবে।
 
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ।