কুমিল্লায় পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ২ প্রার্থী আটক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৪
কুমিল্লায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সেফায়েত উল্লাহ ও তাসাউফ ভূঁইয়া নামে দুই প্রার্থীকে আটক করেছে পুলিশ।
 
তাদের বিরুদ্ধে অভিযোগ, ওই দুইজনের লিখিত পরীক্ষায় অন্যরা অংশ নিয়েছে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা দিতে এসে তারা আটক হন। 
 
জানা গেছে, ৩ ডিসেম্বর পুলিশ কনস্টেবল নিয়োগ ও বাছাই পরীক্ষার কার্যক্রম কুমিল্লা পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিকভাবে নির্বাচিতদের লিখিত পরীক্ষা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই লিখিত পরীক্ষায় সেফায়েত ও তাসাউফের স্থলে অন্যরা অংশ নেয়। এতে ওই দুইজন পরীক্ষায় উত্তীর্ণ হয়। ১৩ ডিসেম্বর রবিবার ওই দুইজন মৌখিক পরীক্ষা দিতে আসলে তাদের আটক করা হয়। পরে রাতে তাদেরকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করা হয়।
 
জেলা ডিবির এসআই শাহ কামাল আকন্দ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুইজনের স্বীকারোক্তির ভিত্তিতে জালিয়াতির সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মামলা হয়েছে।