গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ঘটনার পর নিহত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্লার লাশ দেখতে গিয়ে অপর এক মুক্তিযোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্লা (৭০) জেলা সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে। হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত মুক্তিযোদ্ধা হাসমত আলী মোল্লা (৭৫) কাঠি গ্রামের মৃত বাবুজান মোল্লার ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্লা কাঠি বাজারে নিজ চায়ের দোকানে ব্যবসা করছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার দোকানে ঢুকে পড়ে। এতে ইদ্রিস গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাঠি গ্রামের অপর মুক্তিযোদ্ধা হাসমত আলী মোল্লা নিহত ইদ্রিসের লাশ দেখতে হাসপাতালে ছুটে যান। লাশ দেখে তৎক্ষণাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বিকাল চারটার দিকে তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন মজুমদার বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়েই মুক্তিযোদ্ধা হাসমত আলী মোল্লা মারা গেছেন।’
গোপালগঞ্জ সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা হয়েছে।
